সোমবার, ১৫ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

আগামীকাল বাজারে আসছে হাঁড়িভাঙ্গা আম, উদ্বেগ চাষি ও ব্যবসায়ীদের

আগামীকাল থেকে বাজারে আসছে হাঁড়িভাঙ্গা আম, তবে উদ্বেগ চাষি ও ব্যবসায়ীদের মধ্যে।

আগামীকাল বাজারে আসছে হাঁড়িভাঙ্গা আম, উদ্বেগ চাষি ও ব্যবসায়ীদের

আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে বাজারে আসছে রংপুরের ঐতিহ্যবাহী হাঁড়িভাঙ্গা আম। তবে মৌসুমের শুরুতেই উদ্বেগে রয়েছেন চাষি ও ব্যবসায়ীরা। শিলাবৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে ফলন কমেছে এবং প্রধান বেচাকেনার কেন্দ্র পদাগঞ্জ হাটে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে চরম দুর্ভোগ।

পদাগঞ্জ হাটের প্রবেশমুখ থেকে শুরু করে আশপাশের সড়কগুলো বৃষ্টির পানিতে কর্দমাক্ত হয়ে পড়ে। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান কাদা হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, হাটের মাঠ ছাড়িয়ে প্রায় দেড় কিলোমিটার সড়কজুড়ে আমের বেচাকেনা হলেও সেখানে পর্যাপ্ত অবকাঠামো নেই। কৃষি বিভাগ এই হাট থেকে প্রায় ৩শ' কোটি টাকার হাঁড়িভাঙ্গা আম বেচাকেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

ঢাকা থেকে আসা পাইকারি ব্যবসায়ী মোহাম্মদ আবু হাসান বলেন, "এই হাট থেকে শত শত কোটি টাকার আম বিক্রি হয়। আমরা নিয়মিত টোল দিচ্ছি, কিন্তু হাটের উন্নয়নে কোনো উদ্যোগ দেখা যায় না।" চাষি আমিনুল ইসলাম জানান, "সামান্য বৃষ্টি হলেই আম হাটে আনা কঠিন হয়ে যায়। প্রতিবছর ড্রেনেজ ব্যবস্থার দাবি জানাই, কিন্তু কোনো কাজ হয় না।"

সরেজমিনে দেখা গেছে, আম মৌসুমে হাটে ব্যাপক টোল আদায় করা হচ্ছে। চাষি ও ব্যবসায়ীদের অভিযোগ, বিপুল রাজস্ব আদায় হলেও সেই অর্থের প্রতিফলন হাটের উন্নয়নে দেখা যায় না। এবারের মৌসুমে ৫৬ লাখ টাকায় হাটটির ইজারা নিয়েছেন ১৬ জনের একটি অংশীদার গ্রুপ।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ বলেন, "হাটের উন্নয়নের দায়িত্ব মূলত সংশ্লিষ্ট চেয়ারম্যানের। দ্রুত সংস্কার ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ জরুরি।" অন্যদিকে, রংপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সিরাজুল ইসলাম জানান, "শিলাবৃষ্টিতে কিছু আম ঝরে গেলেও সামগ্রিকভাবে ফলন ভালো হয়েছে।"

রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, "কাল সোমবার (১৫ জুন) দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে হাঁড়িভাঙ্গা আমের বাজারজাত কার্যক্রম উদ্বোধন করা হবে।" তিনি আশা প্রকাশ করেন যে, অবকাঠামো, ব্যাংকিং সুবিধা, সড়ক ও নিরাপত্তাসহ বিভিন্ন সমস্যা সমাধানে কাজ চলছে।

বিজ্ঞাপন