রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে ব্যবহৃত ৪০ বডির মরচুয়ারি কুলার হঠাৎ বিকল হয়ে পড়ায় লাশ সংরক্ষণ ও ময়নাতদন্ত কার্যক্রমে গুরুতর জটিলতা সৃষ্টি হয়েছে। এতে মর্গের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
ফরেনসিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. কাজী গোলাম মোখলেছুর রহমান স্বাক্ষরিত একটি চিঠিতে জানানো হয়, গত ২ জুন থেকে মর্গে থাকা কুলারটি অকার্যকর হয়ে পড়ে। এর ফলে লাশ সংরক্ষণ এবং নিয়মিত ময়নাতদন্ত কার্যক্রম পরিচালনায় চরম অসুবিধা দেখা দিয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমান পরিস্থিতিতে কুলারটি দ্রুত মেরামত করা অত্যন্ত জরুরি। দীর্ঘ সময় অচল থাকলে লাশ সংরক্ষণে সংকট আরও বাড়বে এবং ময়নাতদন্ত কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।
মর্গের কর্মচারীরা জানান, কুলারটি বিকল থাকায় বর্তমানে একসঙ্গে ৪০টি মরদেহ সংরক্ষণ করার সক্ষমতা থাকলেও মাত্র সাতটি মরদেহ রাখা যাচ্ছে। এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়া এবং মরদেহ দ্রুত পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীন বলেন, ‘আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি দ্রুতই সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’