গণহত্যার দায়ে জামায়াত ইসলামী ও আওয়ামী লীগ একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি গতকাল বুধবার চাটখিল উপজেলা পরিষদ হলরুমে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপির বিরুদ্ধে কোনো গণহত্যার অভিযোগ নেই। আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে এবং জামায়াত ইসলামীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে। এই দুইটা একই জিনিস, এদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘একাত্তরের পরে ২৪-এর যে গণঅভ্যুত্থান হয়েছে এটি ছিল একটি জনমানুষের আন্দোলন। এই কৃতিত্বের দাবিদার আমরা সকলেই। যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দীর্ঘ ১৭ বছর লড়াই করেছেন, তাঁদের রক্তের কি কোনো মূল্য নেই?’
ইশরাক হোসেন অভিযোগ করেন, ‘৫ তারিখের পরে আমরা বলি নাই ২৪-এর গণঅভ্যুত্থান আমাদের একক কৃতিত্ব। বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি যখন জুলুমের সীমা অতিক্রম করে গিয়েছিল, তখনই আমরা প্রতিবাদ করেছি।’
তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিয়ে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে। একটি দল মুক্তিযুদ্ধকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে, আরেকটি দল ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে নিজেদের অর্জন হিসেবে প্রতিষ্ঠা করতে চায়।’
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানে বহু মুক্তিযোদ্ধার সন্তান রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করেছে। আওয়ামী লীগের নেতৃবৃন্দ একাত্তর সালে মুক্তিযুদ্ধ করেনি, তারা ওই পারে ছিল। এই পার্থক্য নতুন প্রজন্মকে বুঝিয়ে দিতে হবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে কথা বললে, মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে, একাত্তরকে অসম্মান করলে তাঁদের কঠোর জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আমরা চাই জাতিকে বিভক্ত না করে সুখী, সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে।’