জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু।
মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত নির্বাচনের পর প্রেসিডেন্ট মুইজ্জু এক বার্তায় এই অর্জনকে বাংলাদেশ ও সমগ্র অঞ্চলের জন্য গৌরবময় মুহূর্ত হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, “এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আপনার সার্বিক সাফল্য কামনা করি।”
মুইজ্জু আরও উল্লেখ করেন, “এই নির্বাচন শুধু বাংলাদেশের জন্য নয়, বরং সমগ্র অঞ্চলের জন্য একটি বড় অর্জন।” পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে তিনি বলেন, “তার দিক নির্দেশনায় সাধারণ পরিষদ সব সদস্য রাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করবে।”
তিনি বলেন, “আমি আত্মবিশ্বাসী যে আপনার দক্ষ নেতৃত্বে সাধারণ পরিষদ সব সদস্য রাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা পালন করবে।”
একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে সাইপ্রাসের প্রার্থীকে পরাজিত করে ড. খলিলুর রহমান ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। গোপন ব্যালটে কাস্টিং হওয়া ১৯০টি ভোটের মধ্যে বাংলাদেশ পায় ৯৯টি ভোট এবং সাইপ্রাস পায় ৯১টি ভোট।
এই নির্বাচন বাংলাদেশের জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে, যা বহুপাক্ষিক বিশ্বমঞ্চে দেশের ক্রমবর্ধমান ভূমিকা ও অংশগ্রহণের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার প্রতিফলন। আগামী সেপ্টেম্বরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনের মাধ্যমে ড. খলিলুর রহমান দায়িত্ব গ্রহণ করবেন।