কানাডা সাহিত্য উৎসব ২০২৬-এর সূচনা বক্তব্যে লেখক ও সাহিত্য সংগঠক সুব্রত কুমার দাস বাঙালি সাহিত্যিকদের মূলধারার সাহিত্যের সাথে প্রাসঙ্গিক থাকার জন্য একত্রিত হওয়ার আহ্বান জানান।
মিসিসাগায় অনুষ্ঠিত তিনদিনব্যাপী এই উৎসবে ১৫, ১৬ ও ১৭ই মে বিপুল উৎসাহের মধ্যে ইংরেজি ভাষার লেখকদের পাশাপাশি অন্যান্য ভাষার অভিবাসী লেখকরাও অংশগ্রহণ করেন। উৎসবের অনুষ্ঠানমালায় বিভিন্ন ভাষার জন্য পৃথক সেশন রাখা হয়।
বাংলা সাহিত্য নিয়ে আলোচনা করতে টরন্টো ও অন্টারিওর বিভিন্ন শহর থেকে অনেক বাঙালি লেখক উপস্থিত ছিলেন। উৎসবের শেষ দিন ১৭ মে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাঙালি লেখকদের জন্য বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়।
প্রথম পর্বে কানাডীয় সাহিত্যের বাংলা অনুবাদ নিয়ে আলোচনা হয়, যেখানে প্রবীণ লেখক ও অনুবাদক ড. দিলীপ চক্রবর্তী, লেখক আকবর হোসেন এবং সুজিৎ কুসুম পাল অংশ নেন। তাঁরা অনুবাদের সুবিধা ও অসুবিধা নিয়ে আলোকপাত করেন।
দ্বিতীয় পর্বে কানাডায় বসবাস করে বাংলায় লেখালেখির অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়। এতে অংশ নেন লেখিকা তেহজিনা এমদাদ, স্বপন কুমার দেব এবং জাহান সৈয়দ।
তৃতীয় পর্বে কবিতা নিয়ে আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠিত হয়, যেখানে কবি হোসনে আরা জেমী, রোকসানা পারভিন শিমুল এবং তাসলিমা হাসান উপস্থিত ছিলেন।
শেষ পর্বে কানাডায় বসবাসরত পাঁচজন কবি ও লেখকের বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে তরুণ দর্শকরা অনুবাদ বিষয়ক নানা প্রশ্ন করেন, যা আলোচনাকে আরও সমৃদ্ধ করে।