বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

চীনে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের দায়ে কর্মকর্তার মৃত্যুদণ্ড

চীনে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের দায়ে এক সরকারি কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

চীনে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের দায়ে কর্মকর্তার মৃত্যুদণ্ড

বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের দায়ে চীনের এক সরকারি কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) চীনের ন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেশন অব স্টেট সিক্রেটস প্রোটেকশন এই তথ্য প্রকাশ করে।

দণ্ডিত কর্মকর্তার নাম 'মা'। তিনি বিদেশে কর্মরত অবস্থায় 'কাইলিন' নামের এক নারীর মাধ্যমে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত হন। কাইলিন প্রথমে চীনা ভাষা শেখার আগ্রহ প্রকাশ করে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন, পরে বিষয়টি রাজনৈতিকভাবে সংবেদনশীল দিকে মোড় নেয়।

প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী, সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার পর কাইলিন ওই কর্মকর্তাকে বিদেশে অবস্থিত একটি চীনা প্রতিষ্ঠানের জনবল ও কার্যক্রমের তথ্য সরবরাহে রাজি করান। পরে তাকে ওই নারীর অন্য সহকর্মীদের সঙ্গেও পরিচয় করানো হয়।

কাইলিন ওই কর্মকর্তাকে জানান যে, যদি তিনি গোয়েন্দা হিসেবে কাজ করতে রাজি না হন, তবে চীনা সরকারের কাছে তার কর্মকাণ্ডের তথ্য ফাঁস করা হবে। এরপর মা আনুগত্যের অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন এবং বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ শুরু করেন।

চীনের কর্তৃপক্ষ জানায়, দেশে ফিরে আসার পরও তিনি বিদেশি এজেন্টের কাছে গোপন নথি পাঠানো অব্যাহত রাখেন। এর বিনিময়ে প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের অর্থ পেতেন। গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহের জন্য অতিরিক্ত অর্থও দেওয়া হতো।

তদন্তে দেখা গেছে, গোয়েন্দা তৎপরতার বিনিময়ে এক লাখ ৫০ হাজার ডলারের বেশি অর্থ নিয়েছেন মা। তিনি রাষ্ট্রীয় গোপনীয় হিসেবে শ্রেণিবদ্ধ নয়টি নথি এবং গোপনীয় হিসেবে শ্রেণিবদ্ধ আরও ২৬টি নথি পাচার করেছেন।

চীনের রাষ্ট্রীয় গোপনীয়তা সুরক্ষা প্রশাসন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। তারা সামাজিক ও ব্যক্তিগত জীবনে সচেতন থাকার, কর্মক্ষেত্রের নিয়ম মেনে চলার এবং বিদেশি পক্ষের প্ররোচনা থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

বিজ্ঞাপন