বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ খুলনা ও বাগেরহাট সফর করবেন।

প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ, ২২ অক্টোবর ২০২৬, খুলনা ও বাগেরহাট সফর করবেন। সফরকালে তিনি বাগেরহাটের মোংলা বন্দর সম্প্রসারণ এবং প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন পরিদর্শন করবেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, সফরসূচি অনুযায়ী সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন। এরপর সকাল ৯টায় হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করবেন।

প্রধানমন্ত্রী সকাল ১০টার দিকে আকাশপথে হিরণ পয়েন্ট ও সংলগ্ন সুন্দরবন এলাকা পরিদর্শন করবেন। পরবর্তীতে সকাল ১০টা ৩০ মিনিটে খুলনা জেলার দাকোপ উপজেলায় অবস্থিত নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন।

সেখান থেকে প্রধানমন্ত্রী সড়কপথে লঞ্চঘাটে গিয়ে নৌপথে বাগেরহাট জেলার বানৌজা মোংলার উদ্দেশে যাত্রা করবেন। দুপুরে বানৌজা মোংলা জেটিতে পৌঁছানোর পর তিনি ওয়ার্ডরুমের উদ্দেশে যাত্রা করবেন।

মধ্যাহ্ন বিরতির পর বিকেল ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে একটি সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। বিকেলে মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শনের পরিকল্পনা রয়েছে তার।

বিকেল ৩টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন এলাকা ঘুরে দেখবেন। দিনব্যাপী সরকারি কর্মসূচি শেষে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং বিকেল ৫টায় ঢাকায় পৌঁছাবেন।

প্রধানমন্ত্রীর সফরকালে তার ব্যক্তিগত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সফরসঙ্গী হিসেবে থাকবেন। সফরের নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি খুলনা ও বাগেরহাট জেলা প্রশাসন এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পন্ন করেছে।

বিজ্ঞাপন