রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

স্টারলিংকের প্রবেশে ইন্টারনেট সেবায় নতুন প্রতিযোগিতা: ইলন মাস্ক

ইলন মাস্কের মতে, স্টারলিংকের প্রবেশে ইন্টারনেট সেবায় প্রতিযোগিতা বাড়বে, সাধারণ গ্রাহকরা উপকৃত হবেন।

স্টারলিংকের প্রবেশে ইন্টারনেট সেবায় নতুন প্রতিযোগিতা: ইলন মাস্ক

ভারতে স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংকের বাণিজ্যিক কার্যক্রম শুরুর পক্ষে আবারও কথা বলেছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। তিনি জানান, স্টারলিংক বাজারে এলে ইন্টারনেট সেবায় প্রতিযোগিতা বৃদ্ধি পাবে এবং এতে সাধারণ গ্রাহকরা উপকৃত হবেন।

মাস্ক মুকেশ আম্বানির সমর্থকদের বক্তব্যকে ‘অযৌক্তিক ও অতিরঞ্জিত’ বলে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, স্টারলিংকের কার্যক্রম শুরু হলে গ্রাহকদের কাছে আরও বেশি বিকল্প থাকবে।

তিনি আরও জানান, স্টারলিংকের সেবার দাম যদি বেশি হয়, তবে গ্রাহকরা তা কিনবেন না। ফলে স্পেসএক্সকে সেবার মূল্য সাশ্রয়ী রাখতে হবে। মাস্কের মতে, এ ধরনের প্রতিযোগিতা আম্বানির ব্যবসায় কিছুটা প্রভাব ফেলতে পারে, তবে তার ব্যবসা বন্ধ হয়ে যাবে না।

মাস্ক আম্বানির বিরুদ্ধে আরও অভিযোগ তুলে বলেন, রিলায়েন্সের অর্থায়নে পরিচালিত একটি প্রতিষ্ঠান বিজেপির প্রচারে সহায়তা করেছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু সংবাদ প্রতিবেদনের স্ক্রিনশট শেয়ার করেন, যেখানে এই অভিযোগগুলি তুলে ধরা হয়েছে।

ভারতের যোগাযোগ মন্ত্রণালয় মাস্কের অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে, স্যাটেলাইট যোগাযোগসহ সব ধরনের টেলিযোগাযোগ সেবার জন্য একটি ‘ন্যায্য ও বৈষম্যহীন’ অনুমোদন কাঠামো কার্যকর রয়েছে।

এদিকে, স্টারলিংকের কার্যক্রম শুরু নিয়ে মাস্ক ও আম্বানির মধ্যে চলমান বিতর্ক স্যাটেলাইট ইন্টারনেট খাতের প্রতিযোগিতার প্রশ্নকে সামনে নিয়ে এসেছে। তবে, স্টারলিংকের বাণিজ্যিক কার্যক্রম শুরুর নির্দিষ্ট সময়সূচি সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

বিজ্ঞাপন