মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনে নতুন একজন নেতা প্রয়োজন। তিনি শনিবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।
ট্রাম্পের এই মন্তব্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির রাশিয়ার সঙ্গে ডিজেলসংক্রান্ত চুক্তির সমালোচনার প্রেক্ষাপটে এসেছে। সম্প্রতি, যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে জ্বালানি আমদানির ঘোষণা দিয়েছে, যা নিয়ে জেলেনস্কি উদ্বেগ প্রকাশ করেছেন।
জেলেনস্কি সতর্ক করে বলেছেন, এই নতুন চুক্তির মাধ্যমে রাশিয়া লাখ লাখ টন ডিজেল যুক্তরাষ্ট্রে সরবরাহ করবে, যা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য রাশিয়াকে অর্থ যোগান দেবে। তিনি এই চুক্তিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য একটি উপহার হিসেবে উল্লেখ করেন।
ট্রাম্প বলেন, জেলেনস্কির উচিত এসব চুক্তি বন্ধ করা এবং ইউক্রেনে এমন একজন নতুন নেতা প্রয়োজন, যিনি কার্যকরী চুক্তি করতে সক্ষম হবেন।
২০২২ সালে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনে সামরিক আইন জারি রয়েছে এবং দেশটিতে নির্বাচন স্থগিত রয়েছে। ট্রাম্প বলেন, জেলেনস্কি অনেক চুক্তি করতে পারতেন, কিন্তু কোনো কারণে তিনি তা করেননি।