বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

ব্রেন্ডন টেলরের নতুন বিশ্বরেকর্ড, শচীনকে ছাড়িয়ে গেলেন

ব্রেন্ডন টেলর ওয়ানডেতে নতুন রেকর্ড গড়লেন, শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে গেলেন।

ব্রেন্ডন টেলরের নতুন বিশ্বরেকর্ড, শচীনকে ছাড়িয়ে গেলেন

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের ব্যাটার ব্রেন্ডন টেলর নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে ওয়ানডেতে সবচেয়ে দীর্ঘ ক্যারিয়ারের মালিক হয়েছেন। টেলরের ওয়ানডে ক্যারিয়ারের স্থায়িত্ব এখন ২২ বছর ৪ মাস।

এর আগে এই রেকর্ডটি শচীনের দখলে ছিল, যার ক্যারিয়ারের দৈর্ঘ্য ২২ বছর ৩ মাস ছিল। শচীন ২০১২ সালে ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসর নেন। তবে ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড এখনও শচীনেরই, যিনি ৪৬৩ ম্যাচে ১৮ হাজার ৪২৬ রান করে এই সংস্করণের সর্বোচ্চ রান সংগ্রাহক।

টেলর ২০০৪ সালে জিম্বাবুয়ের ক্রিকেটে তার প্রতিভা প্রদর্শন করেন এবং দেশের অন্যতম সফল ব্যাটারে পরিণত হন। মঙ্গলবারের ম্যাচে নামার আগে তার ওয়ানডে ক্যারিয়ারে ২০৭ ম্যাচে ১১টি সেঞ্চুরি ছিল, যা জিম্বাবুয়ের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ।

তবে টেলরের ক্যারিয়ারে নাটকীয় বিরতি এসেছে। ২০২১ সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন এবং পরের বছর আইসিসির দুর্নীতিবিরোধী ও ডোপবিরোধী বিধি ভঙ্গের জন্য সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা পান।

জিম্বাবুয়ে আগামী বছর দক্ষিণ আফ্রিকা ও নাবিবিয়ার সঙ্গে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে। দেশের হয়ে আরও অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে চান টেলর।

বিজ্ঞাপন