ইয়েমেনের তেল ও গ্যাসসমৃদ্ধ প্রদেশ মারিব দখলের উদ্দেশ্যে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে অগ্রসর হচ্ছে হুতি বাহিনী। এই প্রদেশটি ইয়েমেনি সরকারের অন্যতম আয়ের উৎস।
সৌদি আরব এবং ইয়েমেনের সরকারি বাহিনী মারিব শহর রক্ষায় প্রতিরক্ষা শক্তিশালী করেছে। গত ২৪ ঘণ্টায় হুতিদের বিভিন্ন অবস্থানে ৫৮টি বিমান হামলা চালিয়েছে সৌদি বাহিনী।
হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি সমর্থিত সরকারি বাহিনী কৌশল পরিবর্তন করেছে। তারা মোখা এবং তাইজের মতো পশ্চিমাঞ্চলের হারানো এলাকায় অভিযান না চালিয়ে মারিবসহ সরকারি নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো রক্ষার উপর গুরুত্ব দিচ্ছে।
হুতিদের দাবি, সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান দিয়ে গত ২৪ ঘণ্টায় ৫৮টি বিমান হামলা চালানো হয়েছে। এদিকে, হামলার শঙ্কায় সৌদি আরবের খামিস মুশাইত ও আবহা এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়েছিল, যা পরে প্রত্যাহার করা হয়।
সরকারি বাহিনী জানায়, হুতিদের বিরুদ্ধে মাসব্যাপী লড়াইয়ে অন্তত ৫০০ সেনা নিহত এবং দেড় হাজারের বেশি আহত হয়েছে। হুতিদের ১ হাজারের বেশি যোদ্ধা নিহত হয়েছে বলেও দাবি করা হয়েছে।
গত ৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অভিযানে ইয়েমেনের পুরো পশ্চিম উপকূলের দখল নিয়েছে হুতি বাহিনী। সংঘাতের কারণে পার্শ্ববর্তী জিবুতিতে অন্তত ২ হাজার মানুষ আশ্রয় নিয়েছে।