জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার করেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি আদেশ জারি করা হয়।
এনবিআরের আদেশ অনুযায়ী, ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে আগের বন্ড সুবিধা আর কার্যকর থাকবে না। তবে, ওয়্যারহাউস লাইসেন্সধারী রফতানিকারকরা নির্দিষ্ট শর্তে ব্যাংক গ্যারান্টির মাধ্যমে এ সুতা আমদানির সুযোগ পাবেন।
রফতানিকারকদের জন্য ব্যাংক গ্যারান্টি প্রদান করতে হলে তাদের বিজিএমইএ, বিকেএমইএ অথবা বিটিএমএর প্রত্যয়নপত্র সংশ্লিষ্ট কাস্টমস স্টেশনে জমা দিতে হবে।
এছাড়া, আমদানির সময় প্রযোজ্য শুল্ক ও করের সমপরিমাণ অর্থের ব্যাংক গ্যারান্টি প্রদান করতে হবে। আমদানিকৃত কাঁচামাল দিয়ে তৈরি পণ্য রফতানি হওয়ার পর সংশ্লিষ্ট লাইসেন্সিং কর্তৃপক্ষের প্রত্যয়নপত্রের ভিত্তিতে ব্যাংক গ্যারান্টি অবমুক্ত করা যাবে।
তবে, আদেশ জারির আগে জাহাজীকরণ করা পণ্যচালানের ক্ষেত্রে এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে না।