জার্মানির বিখ্যাত গাড়ি নির্মাতা ভক্সওয়াগনের একটি কারখানাকে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের কেন্দ্রে রূপান্তরিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) ভক্সওয়াগন জানিয়েছে, জার্মানির ওসনাব্রুক শহরের কারখানাটি বিক্রির বিষয়ে লোয়ার স্যাক্সনি রাজ্য সরকার এবং তেল আবিবভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান অরেলিয়াস ক্যাপিটালের সঙ্গে একটি চুক্তি হয়েছে।
এই চুক্তির আওতায় অরেলিয়াস প্রতিষ্ঠানটি কারখানাটির সংখ্যাগরিষ্ঠ মালিকানা নেবে এবং ইসরায়েলের রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমসের সঙ্গে সহযোগিতা করবে। রাফায়েল প্রতিষ্ঠানটি ইসরায়েলের বহুল আলোচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’-এর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
ভক্সওয়াগনের এক বিবৃতিতে বলা হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে জার্মানি ও ইউরোপের জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিভিন্ন সরঞ্জাম ও উপাদান তৈরির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, ভবিষ্যতে আরও অংশীদারিত্ব ও নতুন প্রকল্প বাস্তবায়নের পথও তৈরি হতে পারে।
ওসনাব্রুক কারখানায় আগামী বছর গাড়ি উৎপাদন বন্ধ হওয়ার কথা রয়েছে। ভক্সওয়াগনের কর্মীদের প্রতিনিধিত্বকারী ওয়ার্কস কাউন্সিল জানিয়েছে, কারখানাটির প্রায় ১ হাজার ৪০০ কর্মীর চাকরি এই উদ্যোগের মাধ্যমে রক্ষা করা সম্ভব হতে পারে।
ভক্সওয়াগন ইতোমধ্যে সতর্ক করেছে, চাহিদার ঘাটতি ও উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতাদের তীব্র প্রতিযোগিতার কারণে ২০৩০-এর দশকে জার্মানির চারটি কারখানা বন্ধ হয়ে যেতে পারে।
চুক্তির ঘোষণা দিয়ে ভক্সওয়াগনের প্রধান নির্বাহী কর্মকর্তা অলিভার ব্লুম বলেন, এই সমঝোতার মাধ্যমে ওসনাব্রুক কারখানার জন্য নতুন একটি শিল্পভিত্তিক ভবিষ্যতের পথ উন্মুক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।
জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাজেট আগামী বছর প্রায় এক-তৃতীয়াংশ বাড়িয়ে ১০ হাজার ৯শ' ৭০ কোটি ইউরো করার পরিকল্পনা রয়েছে। চলতি বছর, এই খাতে বরাদ্দ রয়েছে ৮ হাজার ২৭০ কোটি ইউরো।
ইউক্রেন যুদ্ধসহ সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইউরোপজুড়ে সামরিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ জোরদার হয়েছে। এই পরিস্থিতিতে গাড়ি উৎপাদনের জন্য ব্যবহৃত কারখানাগুলোকে অন্য শিল্পে কাজে লাগানোর বিষয়টি কোম্পানিটির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।