মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

মিশরে মাদক মামলায় টিভি উপস্থাপিকার মৃত্যুদণ্ড

মিসরের আদালতে মাদক মামলায় টিভি উপস্থাপিকা সারা খলিফাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে।

মিশরে মাদক মামলায় টিভি উপস্থাপিকার মৃত্যুদণ্ড

মিসরের একটি আদালত মাদকসংক্রান্ত মামলায় দোষী সাব্যস্ত হওয়া ১১ জনের মধ্যে এক টেলিভিশন উপস্থাপিকাকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। ৩৯ বছর বয়সী সারা খলিফা অপরাধবিষয়ক টেলিভিশন অনুষ্ঠান ‘মিশন ইম্পসিবল’-এর জন্য পরিচিত ছিলেন।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, দণ্ডপ্রাপ্তরা একটি অপরাধী চক্রের সদস্য এবং মাদক তৈরির কাঁচামাল আমদানি করে বিক্রির উদ্দেশ্যে কাজ করতেন। তাদের বিরুদ্ধে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ রাখার অভিযোগও রয়েছে। সারা খলিফা তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

মামলায় অভিযুক্ত আরও ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, এবং ৭ জনকে বেকসুর খালাস করা হয়েছে। সারা খলিফার আইনজীবী জানিয়েছেন, তিনি মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

গত মাসে মামলার রায় ঘোষণা করা হলেও, মিসরের আইন অনুযায়ী মৃত্যুদণ্ডের ক্ষেত্রে গ্র্যান্ড মুফতির ধর্মীয় পরামর্শ নেওয়ার প্রক্রিয়া রয়েছে, যা রায়ের নিশ্চয়তায় এক মাস সময় নেয়।

মিসরের সংবাদমাধ্যম আল-আহরাম জানিয়েছে, এ মামলায় ২০ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন এবং ইলেকট্রনিক প্রমাণ হিসেবে বিভিন্ন কথোপকথন ও ভিডিও ক্লিপ জমা দেওয়া হয়েছে। সরকারি সংবাদমাধ্যম আখবার আল-ইউমের তথ্যমতে, গত বছরের সেপ্টেম্বরে আদালতে হাজিরা দেওয়ার সময় বিচারক সারা খলিফাকে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন করলে, তিনি অ্যান্টি-নারকোটিকস কার্যালয়ে ছবি তোলার আগে কখনো মাদক না দেখার কথা জানান।

বিজ্ঞাপন