নেপালে ভয়াবহ বন্যায় নিহতদের স্মরণে আজ সোমবার (৭ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় শোক দিবস পালন করা হচ্ছে। বন্যার ১৩ তম দিনে দেশজুড়ে এই শোক পালন করা হচ্ছে, যেখানে ১ হাজার ২শ' ৮৭ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
শোক পালনের অংশ হিসেবে দেশব্যাপী মোমবাতি প্রজ্বালন করে নিহতদের স্মরণ করা হচ্ছে। রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে সরকারি ভবন ও বিদেশে অবস্থিত নেপালের বিভিন্ন মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
উদ্ধারকারী দলগুলো এখনও নিখোঁজদের সন্ধানে অভিযান চালাচ্ছে, তাই আনুষ্ঠানিক কর্মসূচি সীমিত রাখা হয়েছে। দুর্ঘটনার প্রায় দুই সপ্তাহ পরেও ৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।
ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টারের (এনইওসি) কর্মকর্তা ফণীন্দ্র পৌডেল রয়টার্সকে জানিয়েছেন, উদ্ধার ও অনুসন্ধান অভিযান এখনও চলমান থাকায় সোমবার কোনো সরকারি কর্মসূচির আয়োজন করা হয়নি।
এদিকে, নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল সোমবার বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন তার এক সহযোগী।