পূর্ব চীন সাগরে চীনের গোয়েন্দা বিমান উড্ডয়নের অভিযোগে জাপান চার দিন ধরে সামরিক যুদ্ধবিমান পাঠিয়ে নজরদারি চালিয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) এই তথ্য জানায় জাপানের সরকার।
টোকিওভিত্তিক সংবাদমাধ্যম কিয়োদো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত চীনের 'ওয়াই-৯' মডেলের বিমানগুলো জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুর পশ্চিমে অবস্থিত দানজো দ্বীপপুঞ্জ এবং ওকিনাওয়ার মূল দ্বীপের আশপাশে উড়েছে।
জাপানের জয়েন্ট স্টাফের তথ্য অনুযায়ী, উড্ডয়নের সময় চীনা বিমান জাপানের আকাশসীমা লঙ্ঘন করেনি। তবে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে জাপানের বিমানবাহিনী যুদ্ধবিমান পাঠিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।
বেইজিং এ বিষয়ে টোকিওর অভিযোগের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। সাম্প্রতিক সময়ে জাপান ও চীনের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে এই ঘটনা ঘটলো।
পূর্ব চীন সাগর দীর্ঘদিন ধরে দুই দেশের সামরিক ও কৌশলগত প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ এলাকা হয়ে দাঁড়িয়েছে, যা উদ্বেগের সৃষ্টি করছে।