মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সুরক্ষিত ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ হামলার হুমকি দিয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, ইরানের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে মার্কিন গোয়েন্দা সংস্থা।
ট্রাম্প বলেন, 'পিকঅ্যাক্স মাউন্টেন'-এ কোনো তৎপরতা শনাক্ত হলে সেটি হামলার লক্ষ্যবস্তু হতে পারে। তিনি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিন ধরে চলা সামরিক অভিযানের পক্ষে যুক্তি তুলে ধরেন।
ইরানের নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছেই ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ অবস্থিত, যা অত্যন্ত সুরক্ষিত স্থাপনা হিসেবে বিবেচিত। ট্রাম্প দাবি করেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে তারা কঠোর পদক্ষেপ নেবে।
তিনি বলেন, “আমরা নিশ্চিত করেছি যে তাদের হাতে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। আমাদের কাছে তাদের কার্যক্রমের সব তথ্য রয়েছে এবং কোনো সমস্যা মনে হলে আমরা তাদের ওপর আঘাত হানব।”
ট্রাম্প আরও উল্লেখ করেন, “মাত্র পাঁচ মাসের মধ্যে আমরা তাদের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকিয়েছি। তারা বারবার রাডার বসানো এবং তা ধ্বংসের ঘটনায় ক্লান্ত হয়ে পড়েছে।”