ঝিনাইদহের শৈলকূপায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলার বগুড়া ইউনিয়নের দালিলপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক চেয়ারম্যান রাকিবুল ইসলাম খান দীপু ও ইউনিয়ন বিএনপির সভাপতি জামির হোসেনের সমর্থকদের মধ্যে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলছিল। এ দ্বন্দ্বের জেরে সকাল ১১টার দিকে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
এ ঘটনায় শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতাল ও শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষ চলাকালীন উভয়পক্ষের বেশ কয়েকটি দোকানপাট ও ৬টি বাড়ি ভাঙচুর করা হয়েছে।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে দালিলপুর গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।