ক্রোয়েশিয়ায় প্রবেশের চেষ্টায় বাংলাদেশিসহ ১০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়ার সীমান্ত পুলিশ। উত্তর বসনিয়ার বিসত্রিকা এলাকায় দুটি আলাদা অভিযানে তাদের আটক করা হয়।
প্রথম অভিযানে আটক ৬৩ জনের মধ্যে ২৩ জন বাংলাদেশি এবং ৪০ জন পাকিস্তানি নাগরিক ছিলেন। দ্বিতীয় অভিযানে বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানের আরও ৩৩ জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, অভিবাসীরা সাভা নদী পার হয়ে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ ক্রোয়েশিয়ায় ঢোকার চেষ্টা করছিলেন। এ কাজে ব্যবহারের জন্য প্রস্তুত দুইটি নৌকা জব্দ করা হয়।
এসময় মানব পাচারের সঙ্গে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। ফ্রণ্টেক্সের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম সাত মাসে এই পথে ৪ হাজার ৯০০ এর বেশি অবৈধ সীমান্ত পারাপার শনাক্ত হয়েছে।