বোতলজাত সয়াবিন তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্তে সাধারণ ক্রেতা ও ভোক্তাদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। প্রতি লিটারে দাম বেড়েছে ৫ টাকা, যা নিত্যপণ্যের মূল্যস্ফীতির প্রেক্ষাপটে নতুন এক চাপ সৃষ্টি করেছে।
ক্রেতাদের অভিযোগ, রান্নার জন্য প্রয়োজনীয় ভোজ্যতেলের দাম বাড়ায় তাদের জীবনযাপন কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে বেসরকারি চাকরিজীবীরা এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। তারা জানান, নিত্যপণ্যের দাম যেভাবে বাড়ছে, তা সহ্য করা তাদের জন্য কঠিন হয়ে উঠছে।
অন্যদিকে, বিক্রেতারা দাবি করেছেন যে, তারা এখনও আগের দামে সয়াবিন তেল বিক্রি করছেন এবং নতুন তেল বাজারে আসলে দাম বাড়ানো হবে। তবে ক্রেতাদের মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষের কারণে বিক্রি কমে গেছে বলে তাদের অভিযোগ।
কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মনে করে, এই মুহূর্তে ভোজ্যতেলের দাম বৃদ্ধি ঠিক হয়নি। তাদের মতে, বাজারে সঠিকভাবে তেল সরবরাহ না হওয়ায় ক্রেতারা সমস্যায় পড়ছেন।
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত এক বছরে দেশে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৬ টাকা বেড়েছে।