শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

রফতানি বহুমুখীকরণে মেধাস্বত্ব সুরক্ষা জোরদারের উদ্যোগ গ্রহণ

রফতানি বহুমুখীকরণে মেধাস্বত্ব সুরক্ষা জোরদার করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার।

রফতানি বহুমুখীকরণে মেধাস্বত্ব সুরক্ষা জোরদারের উদ্যোগ গ্রহণ

বাংলাদেশের রফতানি বহুমুখীকরণ ও উদ্ভাবনকে উৎসাহিত করতে মেধাস্বত্ব সুরক্ষা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বুধবার জাতীয় সংসদে এই তথ্য জানান।

মন্ত্রী বলেন, মেধাস্বত্ব সুরক্ষার আইনি কাঠামো আধুনিকায়নে বাংলাদেশ পেটেন্ট আইন, ২০২৩ এবং শিল্প নকশা আইন, ২০২৩ প্রণয়ন করা হয়েছে। ট্রেডমার্ক আইন, ২০০৯ ও কপিরাইট আইন, ২০২৩-এর আওতায় উদ্ভাবন ও সৃজনশীল সম্পদের সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে।

তিনি জানান, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ঐতিহ্যবাহী পণ্যের স্বতন্ত্র পরিচয় প্রতিষ্ঠায় জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (জিআই) পণ্য হিসেবে নিবন্ধন ও সুরক্ষা দেওয়া হচ্ছে। জিআই লোগোর ব্যবহার এসব পণ্যের ব্র্যান্ডিং ও বিপণনে সহায়তা করছে।

পেটেন্ট, ট্রেডমার্ক ও শিল্প নকশার নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে ডিজিটালাইজেশন ও অটোমেশনের আওতায় আনা হচ্ছে। দেশীয় উদ্ভাবক ও শিল্প উদ্যোক্তাদের মেধাস্বত্ব নিবন্ধনে উৎসাহিত করা হচ্ছে।

মন্ত্রী আরও জানান, ওষুধ, কৃষিপ্রক্রিয়াজাত খাদ্য, চামড়া, লাইট ইঞ্জিনিয়ারিং, প্লাস্টিক ও তথ্য প্রযুক্তি খাতে মেধাস্বত্ব সুরক্ষা ও ব্র্যান্ডিংয়ে উৎসাহ দেওয়া হচ্ছে।

এছাড়া, এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশের রফতানি প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে নীতিগত প্রস্তুতি নেওয়া হয়েছে। মেধাস্বত্ব সুরক্ষার ফলে বাংলাদেশের ঐতিহ্যবাহী পণ্যের আন্তর্জাতিক স্বীকৃতি বাড়ছে এবং স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব পড়ছে।

বিজ্ঞাপন