ইসরায়েলে বন্দি ফিলিস্তিনি রাজনীতিক মারওয়ান বারঘুতির মুক্তির দাবিতে আন্তর্জাতিক প্রচারাভিযানে যোগ দিয়েছেন ২০ জনের বেশি মার্ভেল সিনেমা ও সিরিজের অভিনেতা।
প্রচারাভিযানটি 'ফ্রি মারওয়ান নাও' নামে পরিচিত এবং ২০২৩ সাল থেকে বারঘুতিকে একক কারাবাসে রাখা হয়েছে বলে দাবি করা হচ্ছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
বারঘুতির পরিবার ও দুই শতাধিক চলচ্চিত্র, সংগীত ও সাহিত্য ব্যক্তিত্বের সমর্থনে এই প্রচারাভিযান শুরু হয়েছে। ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে, তারা বারঘুতির দীর্ঘ বন্দিত্ব, 'সহিংস নির্যাতন' এবং আইনি অধিকার থেকে বঞ্চিত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।
প্রচারাভিযানটি জাতিসংঘ ও বিভিন্ন দেশের সরকারের প্রতি বারঘুতির মুক্তির জন্য উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে। স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের অভিনেতা ইয়ান ম্যাককেলেন, মার্ক রাফালো, বেনেডিক্ট কাম্বারব্যাচ, ডন চেডল, কেট ব্ল্যানচেট, টিলডা সুইনটন ও হুগো উইভিং।
৬৮ বছর বয়সী মারওয়ান বারঘুতি ফিলিস্তিনি রাজনৈতিক দল ফাতাহ'র সাবেক মহাসচিব এবং প্রথম ইন্তিফাদার গুরুত্বপূর্ণ নেতা। ২০০২ সালে তাকে গ্রেফতার করা হয় এবং পরে বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে পাঁচটি যাবজ্জীবন কারাদণ্ডসহ ৪০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির তাকে একক কারাবাসে পাঠানোর নির্দেশ দেন, যা ফিলিস্তিনিদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। প্রচারাভিযানটি দাবি করছে যে, ২০২৩ সাল থেকে বারঘুতিকে একক কারাবাসে রাখা হচ্ছে এবং কারাগারে তার সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে।
বিশ্বজুড়ে চলচ্চিত্র, সংগীত ও সাহিত্যাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের যুক্ত হওয়ায় বারঘুতির মুক্তির দাবি নতুন করে আন্তর্জাতিক আলোচনায় এসেছে।