বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থা ফিফা বিশ্বকাপ এবং ক্লাব বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য একটি নতুন কোম্পানি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। নতুন কোম্পানির নাম 'ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ', যার ২১ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা রয়েছে।
ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বিশ্বজুড়ে ২১১টি সদস্য দেশের উন্নয়ন তহবিল তিন গুণ বৃদ্ধি করা। 'ফিফা ফাস্ট ফরওয়ার্ড প্রোগ্রাম' নামের এই প্রকল্পের আওতায় শেয়ার বিক্রি করে ৪২০ কোটি মার্কিন ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
শেয়ার বিক্রির অর্থ থেকে প্রতিটি সদস্য দেশ ২ কোটি ডলার পর্যন্ত অনুদান গ্রহণের সুযোগ পাবে, যা তাদের বিশেষ প্রকল্পের জন্য ব্যবহার করা যাবে। চার বছর মেয়াদে ফরোয়ার্ড প্রোগ্রামের অনুদান ৮০ লাখ ডলার থেকে বাড়িয়ে ২ কোটি ডলারে উন্নীত করা হবে।
মার্কিন ব্যাংক 'জেপি মরগান' এই প্রকল্পের প্রধান আর্থিক উপদেষ্টা হিসেবে কাজ করছে। বিনিয়োগকারী প্রতিষ্ঠান 'থ্রাইভ ইটারনাল' এর নেতৃত্ব দিচ্ছে জ্যারেড কুশনারের ভাই জশুয়া কুশনার।
এদিকে, ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ফিফার এই সিদ্ধান্তকে কঠোরভাবে সমালোচনা করেছে। তারা বলছে, ফুটবলের পরিচালনা ব্যবস্থা বিক্রির পণ্য নয়। যুক্তরাজ্যের রাজনীতিবিদ অ্যান্ডি বার্নহামও এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
ফিফা সভাপতি ইনফান্তিনো নতুন কোম্পানির প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন, যার বার্ষিক বেতন প্রায় ৬ কোটি ৪০ লাখ ডলার হতে পারে। তবে ফিফার মুখপাত্র জানান, ফিফার চূড়ান্ত নিয়ন্ত্রণ বজায় রাখতেই এই বাণিজ্যিক প্রতিষ্ঠানে প্রধান ভূমিকা থাকবে।