বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি শনিবার (২৫ জুলাই) বিকাল সাড়ে ৫টায় শহরের চৌরাস্তা মোড়ে জেলা সেচ্ছাসেবক দলের আয়োজিত এক গণ সমাবেশে এ কথা বলেন।
সমাবেশে তিনি বলেন, 'বাংলাদেশের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফল করতে হবে। দীর্ঘদিন যাদের সাথে রাজনীতি করেছি, আজ তারা অচেনা হয়ে গেছেন। সংসদে এক ধরনের কথা বলেন, বাইরে আরেক ধরনের।' তিনি ইসলামকে হৃদয়ে ধারণ করার আহ্বান জানিয়ে বলেন, 'ধর্য্য ধারণ করুন।'
অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, 'যদি আমরা জনগণের কথা রাখতে ব্যর্থ হই, তাহলে জনগণ যে সিদ্ধান্ত নেবে, তা মেনে নেব। আমরা রাজনীতি করছি জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য।'
গণসমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম জিলানী। তিনি বলেন, 'তারেক রহমান যখন সুন্দরভাবে দেশ পরিচালনা করছেন, তখন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। শেখ হাসিনা যতবার টুঙ্গিপাড়ায় ভোটে দাঁড়িয়েছে, প্রতিবারই জাল ভোটে জিতেছে।'
তিনি আরো বলেন, 'এবার টুঙ্গিপাড়ার মানুষ বিএনপির পক্ষে ভোট দিয়েছে। বিএনপি জনগণের সাথে যা ওয়াদা করেছে, তা পালন করেছে। তারেক রহমান হিংসার রাজনীতি করেন না, তিনি সাম্যের রাজনীতি করেন।'
সমাবেশে জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা আমীর ফয়সালের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের আহবায়ক কামরুজ্জামান বাপ্পি, যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা, রবিউল ইসলাম, যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজেদুর রহমান সাগরসহ অন্যান্য নেতাকর্মীরা।