শনিবার, ২৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কম্বোডিয়ায় চাকরির প্রলোভনে নারী পাচার, মূলহোতা গ্রেফতার

কম্বোডিয়ায় চাকরির প্রলোভনে নারী পাচার, মূলহোতা গ্রেফতার করেছে সিআইডি।

কম্বোডিয়ায় চাকরির প্রলোভনে নারী পাচার, মূলহোতা গ্রেফতার

কম্বোডিয়ায় উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে এক নারীকে পাচার করার অভিযোগে মূলহোতাকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার (২৩ জুলাই) সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবু তালেব স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

সিআইডির মানবপাচার শাখা (টিএইচবি) ইউনিট গত ২১ জুলাই ফরিদপুর জেলার চরভদ্রাসন থানা এলাকা থেকে মো. রুবেল (২৯) নামের অভিযুক্তকে গ্রেফতার করে। রুবেল রাজবাড়ী জেলার কালুখালী থানার খাগজানা গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী নারী এক স্থানীয় এনজিও থেকে ঋণ নেওয়ার সময় রুবেলের সঙ্গে পরিচিত হন। রুবেল তাকে কম্বোডিয়ায় কাস্টমার কেয়ার সার্ভিসে চাকরির প্রলোভন দেখান এবং বিদেশে পাঠানোর আশ্বাস দেন।

ভুক্তভোগী রুবেলের পরামর্শে এনজিও থেকে এক লাখ টাকা ঋণ নেন, যা পরে রুবেল নিজের কাছে রেখে দেন। এরপর বিদেশে পাঠানোর কথা বলে ধাপে ধাপে আরও অর্থ নেওয়া হয়। সব মিলিয়ে চার লাখ টাকা তার কাছ থেকে নেওয়া হয়।

২০২৫ সালের আগস্টে ভুক্তভোগীকে কম্বোডিয়ায় পাঠানোর পর চক্রের সদস্যরা তার পাসপোর্ট ও অর্থ জোরপূর্বক নিয়ে নেয়। পরে তাকে বিভিন্ন প্রতিষ্ঠানে স্থানান্তর করে অনিচ্ছাকৃত কাজ করানো হয়।

ভুক্তভোগীকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় এবং দেশে ফিরতে চাইলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। নির্যাতন থেকে বাঁচতে তিনি দেশে ফেরার চেষ্টা করেন এবং ১ জুলাই বাংলাদেশে ফিরে আসেন।

দেশে ফিরে আইনি সহায়তা নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন। সিআইডি তদন্তে ভুক্তভোগীর তথ্য ও সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করে রুবেলকে গ্রেপ্তার করে।

সিআইডি জানিয়েছে, মানবপাচার নেটওয়ার্ক এবং বিদেশে থাকা সম্ভাব্য ভুক্তভোগীদের শনাক্তে তদন্ত চলছে। সরকারের অনুমোদিত বৈধ প্রক্রিয়ায় বিদেশে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন