শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কুমিল্লার এএসপি সাইফুল মালিকের মৃত্যুতে শোকের ছায়া

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল মালিক মারা গেছেন।

কুমিল্লার এএসপি সাইফুল মালিকের মৃত্যুতে শোকের ছায়া

কুমিল্লায় কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই। তিনি বৃহস্পতিবার ভোর ৬টা ২২ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, সাইফুল মালিক কয়েকদিন আগে হৃদরোগে আক্রান্ত হন। প্রথমে কুমিল্লার বেসরকারি মডার্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে অস্ত্রোপচারের পর তিনি মারা যান।

মোহাম্মদ সাইফুল মালিকের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায়। তিনি বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের ছেলে। ১৯৮১ সালে জন্মগ্রহণকারী সাইফুল মালিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ২০০৫ সালে তিনি প্রাণিবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

২০১৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে ২০১৬ সালে ৩৪তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কর্মজীবনে তিনি একজন সৎ, বিনয়ী ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান, আত্মীয়-স্বজন, সহকর্মী এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর অকাল মৃত্যুতে কুমিল্লা জেলা পুলিশে শোকের ছায়া নেমে এসেছে। কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

বিজ্ঞাপন