শনিবার, ২৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রথমবার বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ স্থান পেয়েছে।

ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসরে বাংলাদেশের জন্য একটি নতুন ইতিহাস রচিত হয়েছে। প্রথমবারের মতো উৎসবের প্রতিযোগিতা বিভাগ অরিজোন্তি-তে স্থান পেয়েছে রুবাইয়াত হোসেন পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’。

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উৎসবের সভাপতি আলবের্টো বারবেরা মনোনীত চলচ্চিত্রগুলোর তালিকা প্রকাশ করেন। আগামী ২ থেকে ১২ সেপ্টেম্বর ইতালির ভেনিস লিডোতে অনুষ্ঠিত হবে এবারের উৎসব।

মনস্তাত্ত্বিক হরর ঘরানার চলচ্চিত্রটি ঢাকার একটি বিউটি পার্লারকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। বিয়ের প্রস্তুতির প্রেক্ষাপটে সৌন্দর্য, শরীর, স্মৃতি, বিশ্বাস ও ভয়কে ঘিরে রহস্যময় এক জগত তৈরি করেছেন পরিচালক।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন জাইনীন করিম, আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ্ বিনতে কামাল, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারীসহ আরও অনেকে।

রুবাইয়াত হোসেন বলেন, "বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ভেনিসে জায়গা করে নেওয়া আমার জন্য অত্যন্ত গর্বের ও স্বপ্নপূরণের মুহূর্ত।" তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি আরও শক্তিশালী হবে।

পর্তুগাল, নরওয়ে, জার্মানি, ফ্রান্স ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি বিভিন্ন আন্তর্জাতিক তহবিলের সহায়তা পেয়েছে। এর আগে ২০১০ সালে ইশতিয়াক জিকোর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘৭২০ ডিগ্রিজ’ ভেনিসে নির্বাচিত হলেও, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রতিযোগিতা বিভাগে এবারই প্রথম বাংলাদেশের কোনো সিনেমা স্থান পেল।

বিজ্ঞাপন