ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য অপসারণের চেষ্টার প্রতিবাদে দেশের ৩৯ জন বিশিষ্ট নাগরিক ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। তারা ভাস্কর্যটি যথাযথ মর্যাদায় পুনঃস্থাপনের দাবি জানান।
এএলআরডির (অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট) নির্বাহী পরিচালক শামসুল হুদার স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল-সংলগ্ন সংযোগ সড়কের বেদিতে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের একটি ভাস্কর্য নির্মাণাধীন ছিল।
হঠাৎ করে জেলা প্রশাসন অযৌক্তিক কারণে ভাস্কর্যটি অপসারণের কাজ শুরু করে, যা স্থানীয় জনমনে গভীর ক্ষোভের সৃষ্টি করেছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর স্বাধীনতাবিরোধী একটি গোষ্ঠী নির্মাণাধীন ভাস্কর্যটিতে ভাঙচুর চালিয়েছিল।
নাগরিকরা বলেন, দুর্ঘটনা কমানোর যুক্তি দেখিয়ে প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে, তা গ্রহণের আগে ঝিনাইদহের নাগরিক সমাজ বা শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করা হয়নি। তারা এ ধরনের আচরণকে অসম্মানজনক মনে করেন।
বিবৃতিতে ভাস্কর্যটি যথাযথ মর্যাদায় পুনঃস্থাপনের পাশাপাশি সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বীর মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য ভাঙচুরের সংস্কার ও পুনঃস্থাপন এবং এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ, মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানসহ অন্যান্য বিশিষ্ট নাগরিক।