ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন।
মঙ্গলবার (২১ জুলাই) নাসিরনগরের ভলাকুট ক্ষেত্রনাথ বিশ্বাস (কে. বি.) উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় এম এ হান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় এম এ হান্নান বলেন, “বিএনপি সরকার গঠন করেছে মাত্র পাঁচ মাস চলছে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য প্রাণপণ চেষ্টা করছেন। আমরা নাসিরনগরকে একটি উন্নত উপজেলা করার অঙ্গীকার করেছি।”
তিনি শিক্ষার্থীদের নিয়মানুবর্তীতা ও বিদ্যালয়ের আচার-আচরণের প্রশংসা করেন এবং বিদ্যালয়টিকে উপজেলার অন্যান্য বিদ্যালয়ের জন্য অনুকরণীয় হিসেবে উল্লেখ করেন।
এ সময় এম এ হান্নান ভলাকুট ক্ষেত্রনাথ বিশ্বাস (কে.বি.) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. আতাউর রহমান গিলমানকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান।
তিনি বিদ্যালয়ের পেছনের প্রতিরক্ষা দেয়াল নির্মাণ, নতুন শহীদ মিনার নির্মাণ ও স্কাউট দলের জন্য স্থায়ী তাবু কেনার জন্য ১০ লাখ টাকার অনুদানের ঘোষণা দেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম।
সভাটি সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. তৌহিদুল ইসলাম। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ৮ম শ্রেণির ছাত্রী সাউদা ইসলাম।
এছাড়া, অভিভাবক ও এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন বিএনপির ভলাকুট ইউনিয়ন শাখার সভাপতি মো. বরকত উল্লাহ এবং সাবেক শিক্ষার্থী সোহরাব শান্ত।