ভারতের মুম্বাইয়ে ‘নিট কেলেঙ্কারি’ নিয়ে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে গিয়ে অভিনেত্রী আয়েশা খানকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) পুলিশি অভিযানের ফলে ছাত্রসমাজের মধ্যে নতুন বিতর্কের জন্ম হয়েছে।
আয়েশা খানের অভিযোগ, তিনি যখন প্রতিবাদে যোগ দিতে যাচ্ছিলেন, তখন পুলিশ তাঁকে আটক করে। ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, কয়েকজন নারী পুলিশ তাঁকে একটি পুলিশ ভ্যানে তোলার চেষ্টা করছেন। আয়েশা বলেন, “আপনারা আমাকে এভাবে নিয়ে যেতে পারেন না। এটা আইনসম্মত নয়।”
তিনি আরও জানান, পুলিশ ভ্যানে ওঠার চেষ্টা করেননি, কিন্তু শেষ পর্যন্ত জোর করে তাঁকে তোলা হয়। ভিডিওর ক্যাপশনে তিনি প্রশ্ন করেন, “আমি কি কোনো স্লোগান দিয়েছিলাম? আমি কি কোনো গোলমাল করেছি?”
আয়েশা পরে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি দাবি করেন, প্রতিবাদ শুরু হয়নি এবং তিনি সেখানে উপস্থিত ছিলেন কারণ তাঁর ভাই ও বন্ধুদের পুলিশ আটক করেছে। এক যুবকও জানান, তাঁকে কোনো কারণ না জানিয়েই আটক করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, আয়েশাকে মুম্বাইয়ের ওরলি থানায় রাখা হয়েছে। তিনি জানান, নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থী এবং আত্মহত্যা করা শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাতে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন।
ঘটনার সময়, পুলিশ জানায় যে, সেখানে কোনো বিক্ষোভ করা যাবে না। আয়েশার ভাই ও বন্ধুদের আটক করার পর তিনি রাস্তায় দাঁড়িয়ে থাকাকালে ১৫ জন পুলিশ সদস্য তাঁকে ঘিরে ফেলেন।
এদিকে, মুম্বাই পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।