লিওনেল মেসির আর্জেন্টিনার বিরুদ্ধে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মেগা ফাইনালে মাঠে নামার আগে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও রাজা ষষ্ঠ ফিলিপ যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে উপস্থিত থাকবেন। স্পেন সরকার এবং রাজপ্রাসাদ এ তথ্য নিশ্চিত করেছে।
স্পেনের রাজপ্রাসাদ এক বিবৃতিতে জানায়, রাজা ষষ্ঠ ফিলিপের সাথে রানি লেতিসিয়া এবং তাদের দুই কন্যাও মেটলাইফ স্টেডিয়ামের ভিআইপি বক্সে খেলাটি সরাসরি উপভোগ করবেন।
অন্যদিকে, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই নিজের ‘লাকি টোটকা’ ধরে রাখতে ঘরে বসে খেলা দেখার সিদ্ধান্ত নিয়েছেন।
ফুটবলীয় উত্তেজনার পাশাপাশি, এই মেগা ফাইনালটি নিউ জার্সিতে রাজনৈতিক আবহ তৈরি করতে যাচ্ছে। প্রধানমন্ত্রী সানচেজ, যিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ও মতাদর্শের সমালোচক, সেই ট্রাম্পের মুখোমুখি হতে যাচ্ছেন।
ফিফার পূর্বঘোষিত সূচি অনুযায়ী, ট্রাম্প বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দিতে নিউ জার্সি স্টেডিয়ামে উপস্থিত থাকবেন। ফলে, দুই বিপরীত মেরুর নেতার একই মঞ্চে উপস্থিতি ফুটবলীয় কূটনীতির একটি নতুন মাত্রা যোগ করেছে।