জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, জাতীয় সংসদ গণতান্ত্রিক রীতিনীতি চর্চা করার জায়গা। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদে সরকারি ও বিরোধী উভয় দলই তাদের স্ব-স্ব বক্তব্য রাখতে পারছেন।
শুক্রবার (১৭ জুলাই) ফরিদপুরের ভাঙ্গায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডেপুটি স্পিকার বলেন, সংসদে দেশের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরা হচ্ছে।
তিনি উল্লেখ করেন, আগামী দিনের বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে সরকার ও বিরোধী দলের সদস্যরা সমন্বিতভাবে বিস্তারিত আলোচনা করছেন।
ডেপুটি স্পিকার আরও বলেন, যে ত্যাগের বিনিময়ে দেশে নতুনভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেতার সহযোগিতায় সবাই আন্তরিকভাবে কাজ করছেন।
তিনি স্বাধীনোত্তর বাংলাদেশে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর নির্বাচিত নতুন সংসদের গুরুত্ব তুলে ধরেন এবং মানুষের প্রত্যাশার কথা উল্লেখ করেন।
ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশে যে নতুন গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, তা ধীরে ধীরে এগিয়ে চলেছে। জনগণের সহযোগিতা ও ধৈর্যের প্রয়োজন রয়েছে এই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে।
সবাই মিলে নিজেদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করে ডেপুটি স্পিকার বলেন, যেখানে প্রত্যেক নাগরিক অনুভব করবেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং মানবাধিকার সুরক্ষিত রয়েছে।