বিশ্বকাপ ফাইনালের আগে স্পেন জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে সাংবাদিকদের সাথে দলের প্রস্তুতি, প্রতিপক্ষ এবং খেলোয়াড়দের নিয়ে আলোচনা করেছেন।
তিনি বলেন, "আমরা হেলিকপ্টারে এসেছি, আর এখন হেলিকপ্টারেই ফিরতে হবে। এটাই আমাকে একটু নার্ভাস করে তুলছে। তবে আমি পুরোপুরি শান্ত। এই মুহূর্তটি উপভোগ করা সৌভাগ্যের ব্যাপার।"
ফাইনালে ওঠার গুরুত্ব ব্যাখ্যা করে দে লা ফুয়েন্তে বলেন, "দুই দলই সেরা দল। খেলোয়াড়দের সামর্থ্য ও খেলার ধরনে যথেষ্ট মিল রয়েছে। এটি হবে দুর্দান্ত এক ম্যাচ।"
মেসির সাথে ২৫ বছর আগের একটি স্মৃতি শেয়ার করেন তিনি। তখন তিনি সেভিয়ার যুব দলের কোচ ছিলেন এবং মেসি বার্সার জুনিয়র দলে খেলতেন। দে লা ফুয়েন্তে বলেন, "ওই ম্যাচে মেসিকে ম্যান-টু-ম্যান মার্কিংয়ে রাখা হয়েছিল। ৭০ মিনিট পর্যন্ত খেলার ফলাফল ছিল সমতা। তবে মার্কিং করা খেলোয়াড় কার্ড দেখার পর তাকে তুলে নেওয়া হয় এবং মেসি একাই চার গোল করে বসে।"
তিনি সতর্ক করেন যে, প্রতিপক্ষের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে, যদিও প্রতিপক্ষকেও স্পেনের খেলোয়াড়দের নিয়ে সতর্ক থাকতে হবে।
লামিনে ইয়ামালকে নিয়ে দে লা ফুয়েন্তে বলেন, "লামিনেকে লামিনের মতোই থাকতে দেওয়া উচিত। মেসি অনন্য প্রতিভা, কিন্তু লামিনেরও অসাধারণ ভবিষ্যৎ সম্ভাবনা রয়েছে।"
লামিনের চোট প্রসঙ্গে তিনি জানান, পেনাল্টির সময় উরুতে চোট পেয়েছিল এবং সে বেশ ব্যথা অনুভব করেছে। সতর্কতা হিসেবে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল, তবে এখন সে সম্পূর্ণ সুস্থ এবং দলের সাথে অনুশীলন করছে।