মেহেরপুরের গাংনী পৌরসভায় প্রতিদিনের ময়লা-আবর্জনা থেকে পরিবেশবান্ধব ভার্মি কম্পোস্ট জৈব সার তৈরি হচ্ছে। এই উদ্যোগের ফলে শহর পরিচ্ছন্ন থাকছে এবং কৃষকেরা নিরাপদ সার পাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শহরের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন প্রায় তিন টন বর্জ্য সংগ্রহ করে চৌগাছার কঠিন ও পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা প্লান্টে নেওয়া হচ্ছে। সেখানে প্লাস্টিক ও অন্যান্য অপচনশীল বর্জ্য আলাদা করে জৈব বর্জ্য প্রক্রিয়াজাত করা হচ্ছে।
এই উদ্যোগটি পরিবেশ রক্ষার পাশাপাশি কৃষিতে নিরাপদ ও বিষমুক্ত উৎপাদনে ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয় চাষিরা জৈব সারের প্রতি আগ্রহী হয়ে উঠছেন, কারণ রাসায়নিক সারের তুলনায় দাম কম।
গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান জানান, পরিবেশবান্ধব ইন্টিগ্রেটেড ওয়েষ্ট ম্যানেজমেন্ট পদ্ধতিতে প্রতি মাসে ৪০০ কেজি জৈব সার তৈরি হচ্ছে, যা কেজিপ্রতি ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
গাংনী পৌরসভার উপর-সহকারী প্রকৌশলী রাজু আহম্মেদ বলেন, ভবিষ্যতে উৎপাদন আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। জৈব বর্জ্য সঠিকভাবে প্রক্রিয়াজাত হচ্ছে কিনা, তা তদারকি করা হচ্ছে।
উল্লেখ্য, ৩০টি পৌরসভার পানি সরবরাহ স্যানিটেশন প্রকল্পের আওতায় গাংনী পৌরসভায় কঠিন ও পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা প্লান্টটি স্থাপন করা হয়।