মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে চীন হিলিয়াম রফতানিতে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। এই নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে এবং এটি সেমিকন্ডাক্টর বা চিপ উৎপাদনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ এই গ্যাসের বৈশ্বিক সরবরাহে নতুন সংকট সৃষ্টি করতে পারে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য থেকে হিলিয়াম সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে নিজেদের সরবরাহ নিশ্চিত করার জন্য চীন এই রফতানি সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।
চলতি বছরের শুরুতে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে হিলিয়ামের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছিল, যা বিশ্বের বিভিন্ন দেশের শিল্পপ্রতিষ্ঠানসহ চীনের কোম্পানিগুলোকেও সমস্যায় ফেলেছিল।
বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের দ্রুত বিস্তারের কারণে চীনের নিজস্ব চিপ উৎপাদনের ওপর নির্ভরশীলতা বাড়ছে, যেখানে হিলিয়ামের চাহিদাও ক্রমবর্ধমান। সেমিকন্ডাক্টর উৎপাদন প্রক্রিয়ায় তাপমাত্রা নিয়ন্ত্রণে হিলিয়াম অপরিহার্য।
এ কারণে হিলিয়ামের সরবরাহে বিঘ্ন ঘটলে চিপ উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বৈশ্বিক প্রযুক্তি শিল্পেও এর প্রভাব পড়তে পারে।