বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর রুদ্ধশ্বাস লড়াইয়ে ৩-২ গোলে হারের পর মিশরের ফরোয়ার্ড মোস্তফা জিকো রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, ম্যাচে একাধিক বিতর্কিত সিদ্ধান্ত তাদের বিরুদ্ধে গেছে এবং রেফারির আচরণ দেখে তার কাছে ম্যাচটি ‘পাতানো’ মনে হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রায় ৮০ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল মিশর। তবে শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তন করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যোগ করা সময়ে এনজো ফার্নান্দেজের জয়সূচক গোলে ৩-২ ব্যবধানে জয় লাভ করে লিওনেল মেসির দল।
ম্যাচ শেষে জিকো অস্রুসিক্ত চোখে রেফারির বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি বলেন, 'রেফারি অন্যায় করেছেন, অন্যায় করেছেন। রেফারি একদমই ফেয়ার ছিলেন না। তিনি একজন জালিম। এটি স্পষ্ট ও দিবালোকের মতো পরিষ্কার তিনি অবিচার করেছেন।' তিনি আরও বলেন, 'বিশ্বকাপ জেতার জন্য আর্জেন্টিনাকে অভিনন্দন। টুর্নামেন্টটা আগেই সাজানো ছিল, তাদের আর কিছুই দরকার ছিল না।'
জিকো বলেন, 'রেফারি ছিলেন অন্যায্য, অন্যায্য, অন্যায্য।' মিশরের ক্ষোভের মূল কারণ ম্যাচের বিতর্কিত একটি সিদ্ধান্ত। ৫৮তম মিনিটে জিকো গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দিয়েছিলেন, কিন্তু ভিএআরের পর্যালোচনার পর গোলটি বাতিল করা হয়।
এছাড়া, আর্জেন্টিনার তৃতীয় গোলের আগে হামদি ফাথির ওপর ফাউলের দাবি জানায় মিশর। তাদের অভিযোগ, ওই ঘটনাটি ভিএআরে যথাযথভাবে পর্যালোচনা করা হয়নি। এই দুই সিদ্ধান্তে মিশর শিবির তীব্র অসন্তোষ প্রকাশ করে। উল্লেখ্য, এই ম্যাচে প্রধান রেফারি হিসেবে ছিলেন ফ্রান্সের ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে।