বুধবার, ০৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নতুন হামলা: ইরানকে ‘শাস্তি’ দেওয়ার উদ্দেশ্যে অভিযান

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান শুরু করেছে, যা ইরানকে ‘শাস্তি’ দেওয়ার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

যুক্তরাষ্ট্রের নতুন হামলা: ইরানকে ‘শাস্তি’ দেওয়ার উদ্দেশ্যে অভিযান

হরমুজ প্রণালির কাছে বাণিজ্যিক জাহাজে সাম্প্রতিক হামলার পর ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের মতে, এই অভিযান ইরানকে ‘শাস্তি’ দেওয়ার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে শুরু হওয়া এই অভিযানে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হচ্ছে। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, চলমান হামলাগুলো ‘সমানুপাতিক প্রতিক্রিয়া’ নয়; বরং এর উদ্দেশ্য ইরানকে কঠোর মূল্য চোকাতে বাধ্য করা।

এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেন, 'এটি শাস্তিমূলক অভিযান। এতেই শেষ হচ্ছে না, আরও কিছু সময় এ অভিযান চলবে।' হরমুজ প্রণালির কাছে একাধিক বাণিজ্যিক মালবাহী জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করেছে ওয়াশিংটন।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালিতে নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় আন্তর্জাতিক উদ্বেগ বেড়েছে। এই জলপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবাহিত হয়।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার (৭ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যায় ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ‘শক্তিশালী হামলা’ শুরু হয়েছে। এই হামলার উদ্দেশ্য হলো বেসামরিক নাবিকদের পরিচালিত বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু বানানোর জন্য ইরানকে ‘ভারী মূল্য’ দিতে বাধ্য করা।

সেন্টকমের ভাষ্য, আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপরিবহনকে লক্ষ্য করে হামলা আঞ্চলিক নিরাপত্তা এবং বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য একটি বড় হুমকি। তাই যুক্তরাষ্ট্র এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। নতুন এই সামরিক অভিযানের ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

যদিও যুক্তরাষ্ট্র সামরিক চাপ বাড়াচ্ছে, তবে তেহরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ পুরোপুরি বন্ধ করেনি। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, সর্বশেষ হামলার পর দুই দেশের মধ্যে সংঘাত আরও বিস্তৃত আকার নিতে পারে।

বিজ্ঞাপন