মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে কোনো ধরনের টোল বা অতিরিক্ত ফি আদায় করবে না। বুধবার (২৪ জুন) ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই তথ্য জানান।
তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্রকে নিশ্চিত করেছে যে হরমুজ প্রণালি অতিক্রমকারী জাহাজগুলোর কাছ থেকে কোনো টোল, বীমা খরচ কিংবা অন্য কোনো অর্থ আদায় করা হবে না।
ট্রাম্প আরও উল্লেখ করেন, যদি ইরানের এই তথ্য ভুল প্রমাণিত হয়, তাহলে তাদের সঙ্গে আলোচনা বন্ধ হয়ে যাবে। তবে আলোচনার ৬০ দিনের মেয়াদ শেষ হওয়ার পরেও এই অবস্থান বজায় থাকবে কি না, সে বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা দেননি।
ইরান পূর্বে দাবি করেছে যে তারা হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজের কাছ থেকে টোল নয়, বরং সামুদ্রিক সেবা ফি আদায় করতে চায়। তবে যুক্তরাষ্ট্র এই পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
এদিকে, মঙ্গলবার ইরান ও ওমান যৌথভাবে ঘোষণা করেছে, তারা হরমুজ প্রণালী পরিচালনার ক্ষেত্রে প্রদত্ত বিভিন্ন সেবার জন্য অর্থ আদায়ের পরিমাণ পর্যালোচনা করবে। দুই দেশই এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর তাদের সার্বভৌম অধিকার রয়েছে বলে জোর দিয়েছে।