পটুয়াখালীর বাউফল উপজেলায় ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে গাড়িচালক নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
৯ জুন মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের সৌদিয়া মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় সন্ধ্যায় বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী বিএনপি নেতা রাজিব বাবু জানান, তিনি কালাইয়া বন্দরের ইজারাদার। ঘটনার সময় তিনি রিপোর্টার্স ইউনিটিতে একটি সভায় যোগ দিতে যাচ্ছিলেন।
রাজিব বাবুর দাবি, যানজটের কারণে তার গাড়ি আটকে যায়। এসময় আব্দুল্লাহ আল ফাহাদ মোটরসাইকেল নিয়ে এসে তার গাড়ির পেছনে কয়েকবার ধাক্কা দেন। ধাক্কার কারণ জানতে চাইলে ফাহাদ গাড়ির চালককে মারধর করেন। পরিস্থিতি উত্তপ্ত হলে রাজিব বাবু গাড়ি থেকে নেমে নিরাপদ স্থানে আশ্রয় নেন।
তিনি আরও জানান, সন্ধ্যায় তার গাড়িটি থানার চত্বরে পাওয়া গেলেও গাড়ির ভেতরে থাকা প্রায় ৭৬ লাখ টাকা, পাঁচটি প্রজেক্টর এবং চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না।
অন্যদিকে, আব্দুল্লাহ আল ফাহাদ অভিযোগ অস্বীকার করে বলেন, গাড়িটি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকায় তিনি মোটরসাইকেল নিয়ে যেতে পারছিলেন না। চালক তার হাত ধরে টান দেন, যা দুর্ঘটনার কারণ হতে পারত। তিনি কাউকে মারধর করেননি এবং টাকা-পয়সা ও চালক নিখোঁজ হওয়ার বিষয়ে তার কোনো তথ্য নেই।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, গাড়িতে ধাক্কা লাগাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে। তদন্ত চলছে। স্থানীয় এক যুবক সাহেদ গাড়িটি থানায় এনে রেখেছে, তবে পুলিশ তখন এ বিষয়ে অবগত ছিল না।