কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ জুন ড্রোন হামলার ফলে চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। বাংলাদেশ দূতাবাস বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, পশ্চিম এশিয়ায় চলমান আঞ্চলিক সংকটের কারণে কুয়েতের আকাশসীমা সম্প্রতি একাধিকবার ড্রোন ও মিসাইল দ্বারা আক্রান্ত হয়েছে। আহত বাংলাদেশি নাগরিকদের ফারওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে দূতাবাস নিয়মিত খোঁজ-খবর রাখছে।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, কুয়েত সরকারের নির্দেশনা অনুযায়ী, এ ধরনের বিশেষ পরিস্থিতিতে রকেট বা ড্রোন হামলার ছবি তোলা কিংবা ভিডিও ধারণ করা দণ্ডনীয় অপরাধ। তাই কুয়েতের আইন মেনে চলার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে।
এছাড়াও, কুয়েতের কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে রক্তের সরবরাহে ঘাটতি পড়ার খবর পাওয়া গেছে। এ প্রেক্ষিতে, কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জরুরি ভিত্তিতে রক্ত দান করার জন্য এবং অন্যদেরকে উৎসাহিত করার জন্য বিশেষ অনুরোধ করা হয়েছে।