সৌদি আরবে হামলায় নিহত মো. শাহেদ আহম্মদের মরদেহ দেশে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যের সংঘাতে নিহত ১১ জন প্রবাসীর মরদেহ দেশে ফিরেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাহেদের মরদেহ গ্রহণ করেন তিনি। এ সময় তিনি বলেন, নিহতের পরিবারকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে। প্রতিমন্ত্রী নিহত পরিবারের সদস্যদের হাতে সরকারি সহায়তার চেক তুলে দেন।
গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৪ জনের মধ্যে শাহেদ আহম্মদ ছিলেন। তার বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামে।
শামা ওবায়েদ বলেন, সৌদি আরবে আটকে পড়া প্রবাসীদের ভিসা ও আকামার মেয়াদ বাড়াতে সরকার কাজ করছে। তিনি জানান, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত জানতে সৌদি সরকারের সঙ্গে আলোচনা চলছে। এ ঘটনায় রায়ের কপি চেয়েছে সরকার, যাতে প্রকৃত ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যায়।