প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন বলে মন্তব্য করেছেন ইশরাক হোসেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে তিনি এ কথা লেখেন।
ফেসবুক পোস্টে ইশরাক উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর পরামর্শটি তিনি একবাক্যে মেনে নিয়েছিলেন। প্রথমে এটি শাস্তি মনে হলেও, প্রধানমন্ত্রী পরিষ্কার বুঝে ফেলেছিলেন যে একটি গণমাধ্যম ও স্বার্থান্বেষী গোষ্ঠী তার বিরুদ্ধে একটি শক্তিশালী ও ক্ষতিকর পরিকল্পনা সাজিয়ে রেখেছে।
তিনি বলেন, ওই পরিকল্পনার অংশ হিসেবে একের পর এক নেতিবাচক প্রতিবেদন ও মিথ্যা প্রচারণার মাধ্যমে তার চরিত্র হনন এবং জনগণের তীব্র সমালোচনার মুখে ফেলার চেষ্টা করা হচ্ছিল। এছাড়া, শুভাকাঙ্ক্ষী সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে তার দূরত্ব তৈরি করে তাকে একঘরে করার পরিকল্পনাও ছিল।
ইশরাক আরও বলেন, এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছিল, যাতে তার রাজনৈতিক জীবনের ইতি টানতে হতো। তিনি অতীতে তার বিরুদ্ধে কী ভয়াবহ অন্যায় পরিকল্পনা করা হয়েছিল, সেটাও স্মরণ করেন।
তিনি উল্লেখ করেন, দেশনায়ক তারেক রহমান তাকে ছোট ভাইয়ের মতো স্নেহের চোখে দেখেন এবং সবসময় তার জন্যে কোনটা ভালো সেটি চিন্তা করেন। এর প্রমাণ তিনি জীবনে বারবার পেয়েছেন।
ইশরাক বলেন, তিনি একটি কঠিন কাজ শুরু করতে গিয়েছিলেন এবং সেখান থেকে সূত্রপাত হওয়া এক ভয়াবহ চক্রান্ত থেকে নিজেকে পাশ কাটিয়ে রক্ষা করতে পেরেছেন।