বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইয়েমেনের তাইজে পানির সংকট, ১৬ লাখ শিশুর জীবন ঝুঁকিতে

ইয়েমেনের তাইজে পানির সংকটের কারণে ১৬ লাখ শিশু ঝুঁকিতে পড়েছে, জানিয়েছে ইউনিসেফ।

ইয়েমেনের তাইজে পানির সংকট, ১৬ লাখ শিশুর জীবন ঝুঁকিতে

ইয়েমেনের তাইজে সংঘাতের তীব্রতা ও জ্বালানির সংকটের কারণে পানির সরবরাহ ব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়েছে। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ জানিয়েছে, এই পরিস্থিতিতে অন্তত ১৬ লাখ শিশু সহ প্রায় ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে।

ইয়েমেনে ইউনিসেফের প্রতিনিধি আখিল আইয়ার জানান, তাইজ-আদেন করিডরসহ গুরুত্বপূর্ণ সরবরাহপথগুলোতে বিঘ্ন ঘটায় খাদ্য ও জ্বালানির সংকট তৈরি হয়েছে। বর্তমানে ট্রাকে করে সরবরাহ করা পানির দাম আগের তুলনায় তিন গুণ বেড়ে গেছে, যা সাধারণ মানুষের জন্য নিরাপদ পানির ব্যবস্থা করা আরও কঠিন করে তুলেছে।

গত সেপ্টেম্বর থেকে সংঘাত তীব্র হওয়ার পর আনুমানিক ১ লাখ ২০ হাজার মানুষ তাইজে আশ্রয় নিয়েছেন। ইউনিসেফের তথ্য অনুযায়ী, ইয়েমেনজুড়ে নতুন করে বাস্তুচ্যুত হওয়া মানুষের অর্ধেকেরও বেশি এই গভর্নরেটে আশ্রয় নিয়েছে।

এছাড়াও, শিশুদের অপুষ্টি পরিস্থিতি উদ্বেগজনক। চলতি বছর, তাইজে ১ লাখ ৬৮ হাজারের বেশি শিশুর পুষ্টি পরিস্থিতি পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ৫২ হাজারের বেশি শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে।

ডিজেলের সংকটের কারণে পানির পাম্পগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করে বলেছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে গমের আটার মজুত প্রায় শেষ হয়ে এসেছে।

আখিল আইয়ার বলেন, ‘তাইজের শিশুরা বছরের পর বছর ধরে সংঘাত ও বঞ্চনা সহ্য করছে। তাদের বাঁচিয়ে রাখতে যে পরিষেবাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, সেগুলো হারানোর সামর্থ্য তাদের নেই।’

এ পরিস্থিতিতে ইউনিসেফ বেসামরিক মানুষ, পানির সরবরাহ ব্যবস্থা ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর সুরক্ষা নিশ্চিত করতে সংঘাতে জড়িত সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। সংস্থাটির আশঙ্কা, সংঘাত ও জ্বালানির সংকট অব্যাহত থাকলে শিশুদের জন্য জরুরি সেবা এবং নিরাপদ পানির সরবরাহ আরও ব্যাহত হতে পারে।

বিজ্ঞাপন