সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় সিরিজের ফাইনালে টিকে থাকার লড়াইয়ে আজ আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শারজা ক্রিকেট স্টেডিয়ামে এই গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বড় ব্যবধানে হেরে যাওয়ায় টাইগারদের সামনে কঠিন সমীকরণ দাঁড়িয়েছে।
আফগানিস্তান তাদের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ১৫৮ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে পয়েন্ট টেবিলের শীর্ষ অবস্থান শক্ত করেছে। বর্তমানে তাদের নেট রান রেট +৩.১৬০, যা তাদের সুবিধাজনক অবস্থানে রেখেছে।
অন্যদিকে, জিম্বাবুয়ে এক জয় ও এক হারে -০.৫৯০ নেট রান রেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরে -১.৯৮০ নেট রান রেট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
সিরিজের ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে হলে আফগানিস্তানের বিপক্ষে আজকের ম্যাচে কেবল জয় পেলেই হবে না, বরং নেট রান রেটের কঠিন সমীকরণও পূরণ করতে হবে।
দলীয় হিসাব অনুযায়ী, বাংলাদেশ যদি প্রথমে ব্যাটিং করে, তবে অন্তত ৪১ রানের ব্যবধানে জয় তুলতে হবে। রান তাড়ায় নামলে লক্ষ্যমাত্রার ওপর ভিত্তি করে জয়ের সময়সীমা নির্ধারিত হবে।
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ ও আফগানিস্তান ২২ বার মুখোমুখি হয়েছে, যেখানে উভয় দলই সমান ১১টি করে ম্যাচ জয় করেছে।