বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

চ্যাম্পিয়ন্স লিগে গোলের নতুন রেকর্ড, প্রতি ম্যাচে গড় ৪.১৬

চ্যাম্পিয়ন্স লিগে গোলের সংখ্যা ১৮৭, প্রতি ম্যাচে গড় ৪.১৬।

চ্যাম্পিয়ন্স লিগে গোলের নতুন রেকর্ড, প্রতি ম্যাচে গড় ৪.১৬

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নতুন ফরম্যাট চালুর পর থেকে প্রতিযোগিতার ধরনে ব্যাপক পরিবর্তন এসেছে। ২০২৪-২৫ মৌসুম থেকে কার্যকর হওয়া নতুন কাঠামো ইউরোপের শীর্ষ ক্লাবগুলোকে নতুন মাত্রা দিয়েছে, যার ফলে গোলের সংখ্যা বেড়েছে। চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত ১৮৭টি গোল হয়েছে, যা প্রতি ম্যাচে গড় ৪.১৬।

ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক উইঙ্গার অ্যাশলি ইয়ং বিবিসি রেডিও ফাইভ লাইভকে বলেন, “কত গোল হয়েছে, একবার দেখুন! এটা অসাধারণ।” লিভারপুলের সাবেক ডিফেন্ডার স্টিফেন ওয়ার্নকও এই গোলের সংখ্যা ‘অবিশ্বাস্য’ বলে উল্লেখ করেছেন।

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এবারের আসরে প্রতি ম্যাচে গোলের গড় সর্বাধিক। ইউরোপিয়ান কাপের দীর্ঘ ইতিহাসে এটি তৃতীয় সর্বোচ্চ গোলের হার। ১৯৫৯-৬০ মৌসুমে প্রতি ম্যাচে ৪.১৯ এবং ১৯৫৫-৫৬ মৌসুমে ৪.৩৮ গোলের গড় ছিল। চলতি আসরে গোলের ধারাবাহিকতা গত সপ্তাহের ম্যাচগুলোর মধ্য দিয়ে আরও স্পষ্ট হয়েছে।

মঙ্গলবার নয়টি ম্যাচে মোট ৪০টি গোল হয়, কিন্তু এর আগের বুধবারের গোলসংখ্যা ছিল ৪৬টি। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এক দিনে গোলের হিসাবে এটি তৃতীয় সর্বোচ্চ রেকর্ড। চলতি সপ্তাহে আবারও গোলের নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা রয়েছে।

২০২১ সালে উয়েফা নতুন ফরম্যাটের ঘোষণা দেয়, যার ফলে ৩২ দলের পরিবর্তে ৩৬টি দল প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। নতুন নিয়মে, প্রতিটি দল আটটি ম্যাচ খেলার পর পয়েন্ট তালিকার শীর্ষ আট দল সরাসরি নকআউট পর্বে যাবে।

বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, বেশি গোল মানেই কি ফুটবলের মান বেড়েছে? দ্য টাইমসের ফুটবল লেখক টম আর্নট জানান, “বিনোদনের মাত্রা বেড়েছে, তবে খেলার মান বেড়েছে কি না, সে বিষয়ে আমি নিশ্চিত নই।” নতুন ফরম্যাটের কারণে ম্যাচগুলো আরও রোমাঞ্চকর হয়েছে, তবে এর ফলাফলের প্রকৃত গুরুত্ব নিয়ে আলোচনা চলছে।

বিজ্ঞাপন