সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে।
রোববার (১৮ অক্টোবর) জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এক বিবৃতিতে বলেন, বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল একটি এএইচ-৬আই গোয়েন্দা হেলিকপ্টার। এটি সৌদি ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের অধিক্ষেত্রের একটি এলাকায় বিধ্বস্ত হয়।
নাজরান অঞ্চলে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান-সমর্থিত হুতিদের হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোট ও ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠীটির মধ্যে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যুদ্ধের মধ্যে ইয়েমেন সংঘাতও একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। এর আগে, হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, সীমান্তবর্তী এলাকায় হুতিদের অবস্থান লক্ষ্য করে ‘শত্রুতামূলক তৎপরতা’ চালানোর সময় সৌদি আরবের একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছেন।
তবে আল-মালিকি ওই দাবির জবাবে সারিবদ্ধ কয়েকটি অ্যাপাচি হেলিকপ্টারের ছবি প্রকাশ করেন এবং লেখেন, ‘আপনারা দাবি করছেন, এটি ভূপাতিত হয়েছে। কিন্তু এটি শিগগিরই যুদ্ধক্ষেত্রে নামবে।’