ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথির বিরুদ্ধে পরিচালিত অভিযানে ১ হাজার ৮৬০ বিদ্রোহী নিহত হওয়ার দাবি করেছে ইয়েমেনের সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানিয়েছে দেশটির সরকারি বাহিনী।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানে ১ হাজার ৮৬০ হুথি বিদ্রোহীকে হত্যা করা হয়েছে। সরকারি বাহিনী দাবি করেছে যে, হুথিদের ২ হাজার ১০৩ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।
ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে তীব্র সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলা চলছে। ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে পশ্চিম তাইজের উপকূল সংলগ্ন পার্বত্য অঞ্চলে অগ্রগতির দাবি করেছে সৌদি-সমর্থিত জোট।
অন্যদিকে, সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, গেল দুই দিনে দেশটির আভা এবং রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩৬ জন।