বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রহুল কবির রিজভী আজ বুধবার বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ থামলে তবেই দেশে জ্বালানি সংকট সমাধান সম্ভব হবে।
মহিলা দলের জন্মদিন উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুস্পস্তবক অর্পণ শেষে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, 'নারীদের নেতৃত্ব ও অংশগ্রহণে বিশ্বাস করতেন জিয়াউর রহমান। দেশের অগ্রগতির জন্য নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হয় না।'
তিনি নারীদের ওপর হামলার নিন্দা জানিয়ে বলেন, 'যারা নারীদের ওপর আক্রমণ করে তারা কাপুরুষ। বাঁধনের ওপর হামলা একটি ঘৃণ্য অপরাধ।' নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সোচ্চার হতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
রিজভী বলেন, 'ফ্যামিলি কার্ডে নারীর অধিকার রয়েছে। এতে পরিবারের গুরু দায়িত্ব নারীর হাতেই পরেছে।' তিনি বেগম খালেদা জিয়ার সময় ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ফ্রি করার কথা উল্লেখ করেন এবং বর্তমান সরকার স্নাতক পর্যন্ত শিক্ষা ফ্রি করার চিন্তা করছে বলেও জানান।
জ্বালানি সংকটের বিষয়ে রিজভী বলেন, 'নানা সংকটময় পরিস্থিতির মধ্যেও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার চেষ্টা করছে সরকার। তবে, ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ না থামলে গ্যাস ও জ্বালানি সংকট সমাধান সম্ভব নয়।' তিনি আরও জানান, 'জ্বালানি সংকট একটি আন্তর্জাতিক বিষয়। এককভাবে কোনো রাষ্ট্রের পক্ষে এ সংকট সমাধান করা সম্ভব নয়।'
সরকারের উদ্যোগ সম্পর্কে রিজভী বলেন, 'জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার দেশ পরিচালনা করছে। এ কারণেই সংকট মোকাবিলায় সরকার হাজার হাজার ঘনফুট গ্যাস আমদানি করছে।' তিনি আগস্ট মাসে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারের কঠোর পদক্ষেপের কথা উল্লেখ করেন।
রিজভী বলেন, 'গোটা জাতিকে উন্নতির দিকে এগিয়ে নিতে কাজ করছেন তারেক রহমান। বিশেষ করে বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে তারেক রহমান যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন।'