মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও নতুন উত্তেজনার ফলে বিশ্ববাজারে তেলের দাম টানা চতুর্থ দিনের মতো বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম একপর্যায়ে ব্যারেলপ্রতি ১০০ ডলারের কাছাকাছি পৌঁছে গেছে।
গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১২টা ১ মিনিটে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ১ ডলার ৫৭ সেন্ট বা ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ৯৯ ডলার ৪৯ সেন্টে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও বেড়েছে, যা প্রতি ব্যারেলে ১ ডলার ৬০ সেন্ট বা ১ দশমিক ৭২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯৪ ডলার ৬৩ সেন্টে পৌঁছেছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের প্রভাব তেলের বাজারে স্পষ্ট। সর্বশেষ উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে, যা তেল সরবরাহের পথে নতুন অনিশ্চয়তা সৃষ্টি করেছে। বিশেষ করে হরমুজ প্রণালিকে ঘিরে তৈরি হওয়া সংকট বিশ্ববাজারে উদ্বেগ বাড়াচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই অঞ্চলে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ও পরিবহন নিয়ে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। ছয় মাস ধরে চলা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের স্থায়ী সমাধানের সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে, যার ফলে তেলের দাম দ্রুত বাড়ছে।
অগাস্টের শুরু থেকে এখন পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২৫ শতাংশ বেড়ে গেছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, সংঘাত দীর্ঘায়িত হলে এবং নতুন হামলা-পাল্টা হামলা শুরু হলে তেলের সরবরাহ নিয়ে বাজারে অনিশ্চয়তা আরও বাড়তে পারে। ফলে অদূর ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের সীমা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।