বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

কক্সবাজারে এপিবিএন সদস্যের কাছ থেকে ৫৪ হাজার ইয়াবা জব্দ

কক্সবাজারে বিজিবি চেকপোস্টে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার।

কক্সবাজারে এপিবিএন সদস্যের কাছ থেকে ৫৪ হাজার ইয়াবা জব্দ

কক্সবাজারের রামুতে বিজিবি চেকপোস্টে অভিযান চালিয়ে ৫৪ হাজার ইয়াবাসহ মোহাম্মদ আলী মুন্না শিকদার (২৭) নামের এক এপিবিএন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি আইফোন এবং নগদ ৫০ হাজার ৯৯০ টাকা জব্দ করা হয়।

গত রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে রামুর মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় বিজিবি সদস্যরা সন্দেহজনকভাবে একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালান। এই সময় মুন্না শিকদারকে আটক করা হয়। পরে তার কাছে থাকা মোটরসাইকেলের গোপন বাক্সে বিশেষভাবে প্যাকেটজাত অবস্থায় ৫৪ হাজার ইয়াবা পাওয়া যায়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বিজিবির নায়েক সুবেদার মোহাম্মদ আরিফুর রহমান বাদী হয়ে রামু থানায় মামলা দায়ের করেন। তবে মামলায় উল্লেখ করা হয়নি যে মুন্না একজন এপিবিএন সদস্য।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক জানান, বিজিবির দেওয়া এজাহারের ভিত্তিতে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি বলেন, "যে বাহিনীর সদস্যই হোন না কেন, অপরাধ করলে কেউই আইনের আওতার বাইরে থাকবেন না।"

১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউসার সিদ্দিকী জানিয়েছেন, আটক মুন্না এপিবিএনের সদস্য এবং তিনি ২১ দিনের ছুটিতে ছিলেন। নতুন কর্মস্থলে যোগদান না করেই তিনি এই অপরাধে জড়িয়ে পড়েন।

বিজিবির গণমাধ্যম শাখা থেকে নিয়মিত মাদক চোরাচালান ও আটক হওয়ার তথ্য প্রকাশ করা হয়, তবে এপিবিএন সদস্যের কাছ থেকে ইয়াবা উদ্ধারের ঘটনায় কোনো তথ্য দেওয়া হয়নি।

বিজ্ঞাপন